করোনা: ফ্রান্সে লকডাউন তুলে দেয়ায় বেড়েছে আক্রান্ত ও মৃতের সংখ্যা

ফ্রান্সে লকডাউন তুলে দেয়ার পর একদিনের ব্যবধানে আবারও বেড়েছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। সোমবার একদিনে দেশটিতে মৃত্যু হয়েছে ২শ ৬৩ জনের। আক্রান্ত হয়েছেন সাড়ে চার শতাধিক। এ অবস্থার মধ্যেই খুলতে শুরু করেছে দোকানপাট।
দীর্ঘ প্রায় দুমাস পর ফ্রান্সে লকডাউন তুলে দেয়া হয়েছে। তবে সামাজিক আর শারিরীক দূরত্বের কথা বলা হলেও তা মানছেন না অনেকেই। এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে,শারিরীক দূরত্ব মানার বিষয়ে তারা সব ধরণের উদ্যোগ নিচ্ছে।
লকডাউন তুলে দেয়ার পর পর্যায়ক্রমে দেশটির সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়া হচ্ছে। তবে বেশি আক্রান্ত এলাকা স্থানীয় মেয়র কিংবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলে সে এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে পারবে। আর অভিভাবকরা চাইলে তাদের সন্তানদের স্কুলে নাও পাঠাতে পারবেন।
লকডাউন তুলে দেয়া হলেও দেশটির সাধারণ জনগণের পাশাপাশি ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের দুশ্চিন্তা এবং উদ্বিগ্নতা এখনও কমেনি।



