লকডাউন প্রত্যাহারে বাড়ছে সংক্রমণ, বিশ্ব স্বাস্থ্য সংস্থার উদ্বেগ

লকডাউন শিথিলের পর চীন, দক্ষিণ কোরিয়া ও জার্মানিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় উদ্বেগ জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই পরিস্থিতিতে আক্রান্ত দেশগুলোকে অতিরিক্ত সতর্কতার পরামর্শ দিয়েছেন, সংস্থাটির মহাপরিচালক টেডরস আধানম গেব্রিয়াসাস।
নিয়মিত ব্রিফিংয়ে তিনি বলেন, লকডাউন তুলে নেয়ার আগে করোনার সংক্রমণের বিষয়টি মাথায় রেখে আরো বেশি সতর্ক থাকা উচিৎ ছিল। জার্মানিতে করোনায় মৃত্যু কম থাকায় লকডাউন শিথিল করা হয়। তবে এর কিছুদিনের মধ্যেই সংক্রমণ বাড়তে থাকে।
করোনা রোধে সফল দেশ দক্ষিণ কোরিয়াতেও লকডাউন তুলে নেয়ার পর বেড়েছে আক্রান্তের সংখ্যা। বিশেষ করে নাইট ক্লাবে যাওয়া মানুষদের করোনায় আক্রান্তের হার বেড়েছে।
এছাড়া চীনের উহানেও নতুন করে সংক্রমণ বাড়তে থাকায় করোনার দ্বিতীয় ধাক্কার আশঙ্কা করছেন সংস্থাটির প্রধান। আর কর্মস্থলে স্বাস্থ্য বিধি মানার পাশাপাশি পর্যাপ্ত সুরক্ষা নিশ্চিত করার পরামর্শ দেন তিনি।



