
বৃহস্পতিবার (৭ মে) রাত পৌনে ১১টার দিকে দৈনিক ভোরের কাগজের সিনিয়র রিপোর্টার আসলাম রহমান করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত।
শ্যামল দত্ত বলেন, আসলাম রহমান বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন। তার জ্বর ও শ্বাসকষ্ট ছিল। তার করোনা টেস্টও করানো হয়। বুধবার (৬ মে) মুগদা জেনারেল হাসপাতাল থেকে রিপোর্ট নেগেটিভ আসে। গতকাল সন্ধ্যার পর বেশি অসুস্থ হয়ে গেলে তাকে কাকরাইলে অবস্থিত ইসলামী ব্যাংক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হার্ট অ্যাটাকের রোগী বলে তারা সেখানে তাকে রাখেননি। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
সাংবাদিক আসলাম রহমান ২০০০ সালে মানবজমিন পত্রিকায় সাংবাদিকতা শুরু করেন। ২০০৬ সালে তিনি সান্ধ্যকালীন দৈনিক দিনের শেষে পত্রিকায় যোগ দেন। সেখান থেকে বছর তিনেক পর ভোরের কাগজে অপরাধ বিভাগে স্টাফ রিপোর্টার হিসাবে যোগ দেন।
এর আগে গত ২৮ এপ্রিল সময়ের আলো পত্রিকার প্রধান প্রতিবেদক হুমায়ুন কবীর খোকন করোনায় আক্রান্ত হয়ে মারা যান। গত বুধবার বনশ্রী বাসায় করোনা উপসর্গ নিয়ে মারা যান সময়ের আলো পত্রিকার শিফট ইন চার্জ মাহমুদুল হাকিম অপু। এছাড়া এখন পর্যন্ত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ৫৩ জন সাংবাদিক করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন।



