লকডাউন তুলে নিয়েছে অস্ট্রিয়া

ইউরোপের দেশ অস্ট্রিয়াতে লকডাউন তুলে নেয়া হয়েছে। গত শুক্রবার দেশটির সরকার জনসাধারণের বাইরে যাওয়ার উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে সবাইকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলা হয়েছে।
এছাড়া গণপরিবহন এবং ব্যবসা প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারের নির্দেশনায় জানানো হয়,যেকোনো অনুষ্ঠানে একসঙ্গে ১০ জনের বেশী মানুষ থাকতে পারবেন না। তবে শেষকৃত্য অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন উপস্থিত থাকতে পারবেন। এছাড়া গত শনিবার থেকে সেলুন এবং বিউটি পার্লার যথারীতি তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করেছে।
বেশ কয়েকটি শপিং মল এদিন থেকে খুলে দেয়া হয়েছে । আগামী ৪ মে থেকে উচ্চমাধ্যমিক স্কুলগুলোও খুলে দেয়া হবে। ১৫ মে থেকে সব রেস্টুরেন্ট তাদের স্বাভাবিক ব্যবসা শুরু করতে পারবে। এদিন চিড়িয়াখানা,ধর্মীয় প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন খুলে দেয়া হবে৷
তবে রেস্টুরেন্টে কর্মরত সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে । ২৯ মে থেকে সকল আবাসিক হোটেল তাদের স্বাভাবিক সেবা দিতে পারবে ।



