করোনা : আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র শীর্ষে

করোনাভাইরাসটির (কোভিড-১৯) উৎপত্তিস্থল চীনকে ছাড়িয়ে আক্রান্তের সংখ্যার দিক থেকে যুক্তরাষ্ট্র এখন সবার শীর্ষে। বৃহস্পতিবার পর্যন্ত দেশটিতে আক্রান্ত হয়েছেন ৮২ হাজার ৫০০ জন। আর চীনে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ২৮৫ জন।
এর আগে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) তাদের এক হুঁশিয়ারি বার্তায় জানায়, নোভেল করোনাভাইরাসের নতুন কেন্দ্রবিন্দু হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
এদিকে, করোনাভাইরাসে সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটছে ইতালিতে। দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ৮ হাজার ২১৫ জন। আর আক্রান্ত হয়েছেন ৮০ হাজারেরও বেশি। এছাড়া স্পেনে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৩৬৫ জনের।
অন্যদিকে, চীনে করোনাভাইরাসের প্রাদুর্ভাব অনেকটাই কমে এসেছে। তবে দেশটিতে বাইরে থেকে আসা সফরকারীদের মাধ্যমে ফের ভাইরাসটির সংক্রমণ বাড়ার আশঙ্কায় এবার ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে বেইজিং। শুক্রবার (২৭ মার্চ) মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে। সাউথ চায়না মর্নিং পোস্টের খবরে এমনটা জানা গেছে।



