
আসছে বাফুফে নির্বাচনে সভাপতি পদে জয়ের ব্যাপারে শতভাগ নিশ্চিত বলে জানান, খোদ সংস্থাটির বর্তমান সভাপতি কাজী সালাউদ্দিন। সোমবার বিকেলে বাফুফেতে তাৎক্ষণিক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এ সময় তিনি বলেন, বর্তমান কমিটির ওপর আস্থা আছে বলেই, আগামী নির্বাচনে সভাপতির পদ থেকে তরফদার রুহুল আমিন সরে দাঁড়িয়েছেন।
রোববার রাত থেকেই গণমাধ্যমের শিরোনাম হয়ে ওঠে, আসন্ন বাফুফে নির্বাচনে সভাপতি পদ থেকে তরফদার রুহুল আমিনের সরে দাঁড়ানোর ঘোষণা। বিষয়টি আরো নিশ্চিত হয় তার আজকের আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের মাধ্যমে।
সংবাদ সম্মেলনে কাজী সালাউদ্দিন আরও বলেন, তরফদার রুহুল আমিনের সরে যাওয়া প্রমাণ করে তার প্যানেলের ওপর এখনো আস্থা রয়েছে এ দেশের মানুষের। আগামী এপ্রিলের ৩০ তারিখে শেষ হবে বর্তমান কমিটির মেয়াদ। তার আগেই ঘোষণা করা হবে নির্বাচনের নতুন তারিখ।



