রোকেয়া হলের সামনে থেকে মানবভ্রূণ উদ্ধার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে তিন মাস বয়সী এক মানবভ্রূণ (ফিটাস) উদ্ধার করেছে পুলিশ। হলের পাশে মোড়ানো অবস্থায় পড়ে থাকতে দেখে কয়েকজন শিক্ষার্থী পুলিশকে জানায়।
পরে ‘মানবভ্রূণ’কে উদ্ধার করে ঢাকা মেডিকেলের মর্গে পাঠানো হয়। ১০ ফেব্রুয়ারি, সোমবার বিকেলে এ ঘটনা ঘটে।
চিকিৎসক সূত্রে জানা যায়, ওই মানবভ্রূণের বয়স ১২ সপ্তাহ পূর্ণ হয়েছে। তবে কে বা কারা এখানে ফেলে গিয়েছে, সে সম্পর্কে এখনো জানা যায়নি।
এ ঘটনায়, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. এ কে এম গোলাম রব্বানী বলেন, ‘ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ভ্রূণটি কে বা কারা ফেলে গেছে তা এখনো জানা যায়নি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হান্নান বলেন, ‘রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়। ময়না তদন্তের জন্য সেটি মর্গে রাখা হয়েছে।’



