লাঙ্গলকে ছাড়িয়ে হাতপাখা

গত ১১ বছর ধরে ক্ষমতার অংশীদার হয়ে সংসদে সরব উপস্থিতি রেখেছে জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টি। কিন্তু ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে মনোনীত প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যা হতাশ করেছে নেতাকর্মীদের। হাতপাখার চেয়েও কম ভোট পেয়েছে লাঙল।
দক্ষিণে প্রাপ্ত ভোটে সাত প্রার্থীর মধ্যে পঞ্চম হয়েছেন, লাঙ্গল প্রতীকে জাপার কেন্দ্রীয় নেতা হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন। তিনি পেয়েছেন পাঁচ হাজার ৫৯৩ ভোট। এর চেয়েও বেশি ভোট পেয়েছেন, ইসলামী আন্দোলনের প্রার্থী আবদুর রহমান। হাতপাখা প্রতীকে তিনি পেয়েছেন ২৬ হাজার ৫২৫ ভোট।
প্রসঙ্গত, প্রথম দিকে আওয়ামী লীগের প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে সমর্থন দিয়ে নিজেদের প্রার্থী প্রত্যাহারের ঘোষণা দিয়েছিল জাতীয় পার্টি। সে সিদ্ধান্ত বদল করে ৯ জানুয়ারি মেয়র পদের নির্বাচনে থাকার কথা জানায় দলটি।
জাপা মহাসচিব রাঙ্গা মিলনকে জয়ী করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার নির্দেশও দেন।



