
নির্বাচনে, দুই সিটিতে আইনশৃংখলা বাহিনীর প্রায় ৫০ হাজার সদস্য নিয়োজিত থাকবে বলেও জানিয়েছে কমিশন। পুলিশের পাশাপাশি প্রতিটি কেন্দ্রে সশস্ত্র বাহিনীর দু’জন করে টেকনিক্যাল টিমও থাকবে। অবৈধভাবে কেউ ভোট দেয়ার চেষ্টা করলে, সরাসরি ভ্রাম্যমান আদালতে শাস্তি দেয়া হবে।
শুক্রবার বিকেলে এক বিফিংয়ে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এসব নির্দেশনা দেয়া হয়। এরইমধ্যে জোরদার করা হয়েছে রাজধানীর নিরাপত্তা ব্যবস্থা।
নির্বাচন ভবনে, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সার্বিক বিষয় নিয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন, পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সাইদুল ইসলাম। এসময়, বৈধ ভোটারদের ভোট প্রদানে সহযোগিতার পাশাপাশি কেউ অবৈধভাবে ভোট দিলে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেয়া হবে বলেও হুশিয়ারি দেন তিনি।
ব্রিফিংয়ে বলা হয়, কমিশন অবাধ ও সুষ্ঠু নির্বাচন করতে বদ্ধ পরিকর। ভোটকে কেন্দ্র ১৩০ প্লাটোন র্যাব, ৬৫ প্লাটোন বিজিবি, ১২৯ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, টেকনিক্যাল কর্মী হিসেবে ৫ হাজার সেনাবাহিনীসহ ঢাকার দুই সিটিতে প্রায় ৫০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী থাকবে বলেও জানানো হয়।
এদিকে, শুক্রবার বিকেল থেকেই রাজধানীজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সড়কের মোড়ে মোড়ে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে। পাশাপাশি রয়েছে গোয়েন্দা নজরদারি।
মাসুদ সুমন, বাংলা টিভি



