
‘সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের জয় নিশ্চিত’ বলে শুক্রবার, নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট শেয়ার করেছেন, প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। এই সম্ভাবনা একটি ভোট জরিপের মাধ্যমে পাওয়া গেছে বলেও জানান তিনি।
এই জরিপে উত্তরের ভোটারদের মধ্যে জরিপে অংশ নেন ১৩০১ জন ও দক্ষিণে অংশ নেন ১২৪৫ ভোটার। ভোটার লিস্ট থেকে র্যান্ডম স্যাম্পলিং এর মাধ্যমে তাদের বাছাই করা হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা সেই স্ট্যাটাসে তিনি আরও জানানো হয়, জরিপটি করা হয় যখন দলগুলো তাদের প্রার্থীদের নাম ঘোষণা করে। তাই জরিপের সাথে আসল ফলাফলের কিছুটা পার্থক্য হতেই পারে। তারপরেও সেই পার্থক্য ৫-১০% এর বেশি হওয়ার সম্ভাবনা একেবারেই কম।
কারণ মাত্র এক মাসের ব্যবধানে ১০% এর বেশি ভোট কোনো দলের পক্ষেই পরিবর্তন করে নিজেদের পক্ষে নিয়ে আসা কঠিন। তাই এই নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীদের বিজয় শুধু নিশ্চিতই নয়, ব্যাপক ব্যবধানে জয়ও নিশ্চিত।

জরিপটি করা হয় সামনাসামনি, অর্থাৎ অনলাইনের মাধ্যমে নয়। মক ব্যালট এর মাধ্যমে এই জরিপটি করায় কারোরই জানার সুযোগ থাকে না কে কাকে ভোট দিলো। জরিপ করার সবচেয়ে নির্ভরযোগ্য ও নির্ভুল পদ্ধতি এটি। নির্ভয়ে, নির্দ্বিধায় মানুষ জরিপে অংশগ্রহণ করতে পারে।
তারপরেও যারা কোনো অপশনই বেছে নেয় না তাদের ভোট দেয়ার সম্ভাবনাই কম কারণ সাধারণত কোনো নির্বাচনেই ১০০% ভোট পড়ে না। এই জরিপের ফলাফল ভুল হওয়ার সম্ভাবনা +-৩%।
উল্লেখ্য, ঢাকা উত্তর ও দক্ষিণ এর মেয়র নির্বাচন নিয়ে সাম্প্রতিক সময়ে একটি জনমত জরিপ করা হয়েছে।



