
বঙ্গবন্ধু গোল্ডকাপ উপলক্ষে আগামীকাল (বুধবার) বিকেলে, একদিনের সফরে ঢাকায় আসছেন ব্রাজিলের সাবেক তারকা গোলরক্ষক জুলিও সিজার। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন।
২০০৬, ২০১০ ও ২০১৪ এই তিন বিশ্বকাপে ব্রাজিলের গোলবারের দায়িত্বে ছিলেন জুলিও সিজার। ব্রাজিলের এই সাবেক তারকা গোলকিপারের ২২ বছরের ফুটবল ক্যারিয়ারটাও বেশ সমৃদ্ধ। ২০০৪ সালে জাতীয় দলে অভিষেক হয় সিজারের।
ব্রাজিলের জার্সিতে ৮৭ ম্যাচ খেলার পাশাপাশি ইন্টার মিলানের হয়ে ট্রেবল জয়, চ্যাম্পিয়নস লিগের শিরোপা, ক্লাব বিশ্বকাপসহ অসংখ্য ট্রফি জয়ের অভিজ্ঞতা রয়েছে বিশ্বের অন্যতম সেরা এই গোলরক্ষকের।
এছাড়া, সফরকালীন সময়ে বাফুফের ট্রেনিং একাডেমি পরিদর্শনের পাশাপাশি বেশকটি কার্যক্রমে অংশ নেবেন জুলিও, এমনটাই জানিয়েছেন বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ।



