
কে জিতবে ফেডারেশন কাপ? কার হাতে উঠছে ৩১তম আসরের শিরোপা? দেশের ঘরোয়া ফুটবলের চমক দেখানো দল, রহমতগঞ্জ নাকি বসুন্ধরা কিংসের হাতেই শোভা পাবে মৌসুমের প্রথম ট্রফি। সব প্রশ্নের উত্তর মিলবে আজ।
শ্বাসরুদ্ধকার ম্যাচটি বিকেল চারটায় বঙ্গবন্ধু স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। এছাড়াও সরাসরি মোবাইলে খেলা দেখুন my sports এবং game on অ্যাপসের মাধ্যমে।
কে ভেবেছিলো ফাইনাল ম্যাচের জন্য ঘাম ঝরাবে, রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি? চমক দেখানো মাঠের পারফম্যান্সে এখন এটিই বাস্তবতা।
সি গ্রুপের দুই ম্যাচে সাইফ স্পোর্টিং এবং শেখ জামালের মতো হেবিওয়েট দলগুলোর সঙ্গে ড্র, আর কোয়ার্টার ফাইনালে আবাহনীকে বিদায় করে দিয়ে, সেমিতে আরেক জায়ান্ট মোহামেডান স্পোর্টিংকে টপকে, এখন ট্রফি জয়ের স্বপ্ন দেখছে, পুরান ঢাকার দলটি। হারানো কিছু নেই দলটির, তাইতো বেশ নির্ভার এক ম্যানেজমেন্ট।
মুদ্রার বিপরীত দিকটা বসুন্ধরা কিংসের। শুরুটা মোটেও ভালো হয়নি তাদের। বি গ্রুপ রানার্সআপ হয়ে শেষ আটে তারা। তবে ফাইনালে উঠার লড়াইয়ে, তাদের শক্তিমত্তা দেখে সমর্থকরা। ফাইনালের আগে যা ছিলো নতুন করে দল সাজানোর মতোই।
গেলো আসরে ঢাকা আবাহনীর কাছে হেরে রানার্সআপ হতে হয় তাদের। এবারের প্রতিপক্ষ শক্তিশালী না হলেও, হালকাভাবে নিচ্ছে না দল। ভুল করলেই পাল্টে যাবে চিত্রপট, এমন চিন্তা নিয়ে, পুরো শক্তির দলই খেলবে, সংকেত কোচের।
বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন বলেছেন, প্রতিপক্ষ নিয়ে আমরা বেশি সচেতন। তারা দূর্দান্ত খেলে, এ পর্যন্ত এসেছে। আমি চাই ভালো লড়াই হোক। ছেলেরা সেরাটা দিয়ে, গতবারের হতাশা কাটাবে।
রহমতগঞ্জ কিংবা বসুন্ধরা, যার হাতেই উঠুক শিরোপা, দীর্ঘ সময় পর, ক্লাব অঙ্গনে নতুন চ্যাম্পিয়নের দেখা মিলবে আজ রোববার।



