
ফেডারেশন কাপ ফুটবলে শেখ জামাল ধানমন্ডি ক্লাবের শুরুটা ভালো হয়নি। রহমতগঞ্জের সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। ফলে সি গ্রুপ থেকে কোয়ার্টার ফাইনালে উঠার সমীকরণটা কঠিন হয়ে গেলো ২০১৫ সালের চ্যাম্পিয়ন, জামালের জন্য।
এদিকে, দিনের অন্য ম্যাচে, ব্রাদার্স উইনিয়নকে জোড়া গোলে হারিয়ে প্রত্যাশিত জয় পেলো চট্টগ্রাম আবাহনী।
ঘরোয়া ফুটবলে যাদের দাপট ছিলো বছর চারেক আগে, সেই শেখ জামাল ধানমন্ডি ক্লাবটির এখন আন্ডারডগ তকমা। যার প্রমাণ মেলে, ফেডারেশেন কাপে নিজেদের প্রথম ম্যাচে কোনোমতে পয়েন্ট বাঁচানোর লড়াই দেখে।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সি’গ্রুপের খেলায়, ৬১ মিনিটে রহমতগঞ্জের বিপক্ষে গোল হজম করে দলটি। রক্ষণ নিয়ে যে দলটি ভাবতো না কখনো, তাদের বিপক্ষে এমন গোল করতে পারার উচ্ছাসটা একটু বেশিই দেখালেন রহমতগঞ্জের স্ট্রাইকার ইউনুসা কামারা।
খেলায় ফিরতে মরিয়া ধানমন্ডি ক্লাবটি জালের দেখা পায় ৭৬ মিনিটে। ক্লিন শিটে দলকে সমতায় ফেরান মনডে ওসাগি। বাকিটা সময়টা শুধুই আক্ষেপে কাটে ফেডকাপের তিনবারের চ্যাম্পিয়নদের।
দুই ড্রয়ে দুই পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে থাকার সঙ্গে কোয়ার্টার-ফাইনালে খেলার আশাও বাঁচিয়ে রাখল রহমতগঞ্জ। শেখ জামাল ও সাইফ স্পোর্টিংয়ের পয়েন্ট সমান এক। আগামী শুক্রবার সি গ্রুপে, মুখোমুখি হবে সাইফ ও শেখ জামাল। এ ম্যাচের জয়ী দল, উঠে যাবে সেরা আটে।
দিনের দ্বিতীয় ম্যাচে, প্রত্যাশিত জয় পায় চট্টগ্রাম আবাহনী। দুই ম্যাচে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হলো ব্রাদার্স উইনিয়নের। একটি করে গোল করেন গিলহের্মি এবং চিনেডু।
মোহাম্মদ হাসিব, বাংলা টিভি



