
স্প্যানিশ লা লিগায় সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারিয়ে, লিগের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সেলোনা। অন্যদিকে, এইবারকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ। করিম বেনজেমার জোড়া গোলে প্রতিপক্ষকে ৪-০ গোলে বিধ্বস্ত করলো জিনেদিন জিদানের শিষ্যরা।
শনিবার রাতে ইপুরুয়া স্টেডিয়ামে, ম্যাচের ১৭ মিনিটেই দলকে এগিয়ে দেন করিম বেনজেমা। তিন মিনিট পরে ব্যবধান দ্বিগুণ করেন অধিনায়ক সার্জিও রামোস। ২৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন বেনজেমা।
৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। দ্বিতীয়ার্ধের ৬১ মিনিটে ভালভেরদের গোলে বড় জয় নিশ্চিত হয় জিনেদিন জিদানের শিষ্যদের। অন্য ম্যাচে, ঘরের মাঠ ক্যাম্প ন্যু’তে লিওনেল মেসির হ্যাটট্রিকে ৪-১ গোলের সহজ জয় পেয়েছে বার্সেলোনা।
এই জয়ের ফলে ১২ ম্যাচে বার্সেলোনা ও রিয়ালের পয়েন্ট সমান হলেও, গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে কাতালানরা।



