
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থ আসরে দলের সংখ্যা দশ থেকে ১২টি করার চিন্তা করছেন প্রধান সমন্বয়ক তরফদার মোহাম্মদ রুহুল আমীন। মাঠে দর্শক ফেরার মধ্যেই আয়োজনের সাফল্য পেয়েছেন তিনি।
তিনি জানিয়েছেন, ২০২১ সালের আসরকে আরো প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ করার লক্ষ্যে, ভালোমানের বিদেশি ক্লাব সংম্পৃক্ত করতে চান। অন্যদিকে, চট্টগ্রামের মাটিতে আরেকটি আন্তর্জাতিকমানের ফুটবল টুর্নামেন্ট করার পরিকল্পনার কথা জানান, কমিটির সমন্বয়ক শাহাবুদ্দিন শামীম।
চট্টলা সমর্থকদের স্বপ্ন দেখিয়েও শিরোপা পুনরুদ্ধার করতে পারলো না স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। আসরে প্রথমবার অংশ নিয়েই বাজিমাত মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির।
প্রতিটি ম্যাচেই মাঠে ছিল উপচেপড়া দর্শক। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপভোগ করেছেন তারা। মাঠে দর্শক ফেরার মধ্যেই আয়োজনের সাফল্য দেখছেন টুর্নামেন্টে প্রধান সমন্বয়ক।
চতুর্থ আসরে অংশ নেয়া দল নিয়ে এখন থেকেই কাজ শুরু করার কথা জানালেন ক্রীড়া সংগঠক তরফদার মোহাম্মদ রুহুল আমিন।
২০১৫ সাল থেকে দুই বছর অন্তর অন্তর চট্টগ্রামের মাটিতে আয়োজিত হয়ে আসছে এ টুর্নামেন্টটি। আগামী বছর আন্তর্জাতিক মানের আরেকটি ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছেন এর আয়োজকরা।
বঙ্গবন্ধুর নামে এ টুর্নামেন্ট করা গেলে তা জাতির জনকের জন্মশতবার্ষিকী আরো বেশি রঙিন করে তুলবে এমনটাই মনে করছেন উদ্যোক্তাদের।



