
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাবকাপ টুর্নামেন্টের তৃতীয় আসরের ফাইনালে আজ (বৃহস্পতিবার) বাংলাদেশের ক্লাব চট্টগ্রাম আবাহনীর মুখোমুখি হবে মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসি। দু’দলই চায় শিরোপা ঘরে তুলতে।
একদিকে অধিনায়ক জামাল ভূঁইয়া এবং কোচ মারুফুল হক বেশ আত্মবিশ্বাসী, শিরোপা পুনরুদ্ধারের ব্যাপারে। অন্যদিকে, সফরকারী দলের অধিনায়ক জানান, ম্যাচটি কঠিন হলেও, বেশ নির্ভার থাকবেন তারা।
এক আসর পর আবারো শিরোপা ঘরে তোলার প্রস্তুতি চট্টগ্রাম আবাহনীর। খেলোয়াড়দের মনযোগী অনুশীলনই বলে দেয়, হতাশ করতে চান না তারা। প্রথম মৌসুমে বাজিমাত করা দলটি, গেলো আসরে বিদায় নেয় সেমিফাইনাল থেকে।
এবার আক্ষেপ ভোলার সময়। টুর্নামেন্টে ১১ গোল করা স্বাগতিকরা, শিরোপা ঘরে তুলতে চায় নিজেদের সেরাটা নিংড়ে দিয়ে।
চট্টগ্রাম আবাহনীর অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, শিরোপা জয়ের কাছাকাছি চলে এসেছি, এ সুযোগ হাতছাড়া করতে চাই না। কোনো ভুল করা যাবে না। খেলোয়াড়দের মানসিক মনোবল দারুণ অবস্থানে।
প্রতিপক্ষ মালয়েশিয়ার ক্লাব তেরেঙ্গানু, টুর্নামেন্টে এখন পর্যন্ত অপরাজিত দল। ভারতের তিন ক্লাবকে পেছনে ফেলে ফাইনালে জায়গা করে নেয়া দলটি, টুর্নামেন্টে করেছে ১৩টি গোল। হজম করেছে সাতটি।
এ ছাড়া, দুই হ্যাটট্রিক করে, লাইম লাইটে অধিনায়ক লি টাক। একই সঙ্গে ব্রাজিলের বংশদ্ভূত জাপানিজ ব্রুনো সুজুকিও স্বাগতিকদের জন্য চিন্তার কারণ।
তেরেঙ্গানু এফসি অধিনায়ক লি টাক জানান, সম্মিলিত পারফরমেন্সই পারে দলকে বিজয়ী করতে। চ্যাম্পিয়ন হওয়ার জন্য এসেছি আমরা। শুরু থেকে এখন পর্যন্ত সেই পরিকল্পনা নিয়ে এগুচ্ছি আমরা।
সন্ধ্যা ছয়টায় চট্রগ্রামের এম এ আজিজ স্টেডিয়াম থেকে শ্বাসরুদ্ধকর ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি। এছাড়াও দেখতে পারবেনে, বাংলাটিভি অনলাইন (https://banglatv.tv/), Mysports ও Game On অ্যাপের মাধ্যমে।



