
শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবল টুর্নামেন্টে আজ শনিবার শেষ হচ্ছে গ্রুপ পর্বের লড়াই। চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় মালয়েশিয়ার তেরেঙ্গানু এফসির বিপক্ষে খেলবে বাংলাদেশের ক্লাব বসুন্ধরা কিংস।
দিনের প্রথম ম্যাচে বিকাল চারটায় মুখোমুখি হবে ভারতের দুই ক্লাব গোকুলাম ক্যারেলা এবং চেন্নাই সিটি অ্যাথলেটিক ক্লাব।
নিজেদের প্রথম ম্যাচে ভারতের ক্লাব গোকুলাম ক্যারেলার কাছে হারে বসুন্ধরা কিংস। দ্বিতীয় ম্যাচে চেন্নাই সিটিকে হারিয়ে টুর্নামেন্টে টিকে রয়েছে তারা। সেমিফাইনালে উঠতে হলে আজকের ম্যাচে জয়ের কোনো বিকল্প নেই কিংসদের।
অন্যদিকে গোকুলাম ক্যারেলা এবং তেরেঙ্গানু এফসি আজ নিজ নিজ ম্যাচে ড্র করলেই পেয়ে যাবে সেমিফাইনালের টিকেট। আরেক দল ভারতের আইলিগ চ্যাম্পিয়ন চেন্নাই সিটির ম্যাচটি শুধুই নিয়মরক্ষার।
প্রথম দুই ম্যাচ হারায় তাদের বিদায় নিশ্চিত হয়ে গেছে আগেই। আজকের ম্যাচের জয় কিংবা ড্র করলে, পয়েন্ট নিয়ে ঢাকা ছাড়তে পারবে তারা। শ্বাসরুদ্ধকর দু’টি ম্যাচই সরাসরি সম্প্রচার করবে বাংলা টিভি।



