শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী
এ বছর শান্তিতে নোবেল পেলেন ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ (৪৩)। ১১ অক্টোবর বাংলাদেশ সময় বিকেল ৩টায় নরওয়েজিয়ান নোবেল কমিটি এবারের শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীর নাম ঘোষণা করে।
এ বছর বিশ্বের সবচেয়ে সম্মানজনক এই পুরস্কারের জন্য ৩০১টি মনোনয়ন জমা পড়েছিল। এর মধ্যে ২২৩ জন ব্যক্তি ও বাকি ৭৮টি প্রতিষ্ঠান।
১৯৯৮ সালে ইরিত্রিয়ার সঙ্গে ইথিওপিয়ার শুরু হওয়া সীমান্ত যুদ্ধে দু’দেশের প্রায় ৭০ হাজার মানুষ নিহত হয়েছে। ২০০০ সালে তাদের মধ্যে শান্তিচুক্তি হলেও উত্তেজনা ঠিকই ছিল। অবশেষে এ বছর দু’টি দেশ ও জাতিকে এক সুতোয় গাঁথার জন্যই এবার নোবেল পুরস্কার জিতে নিয়েছেন ইথিওপিয়ান প্রধানমন্ত্রী।
১৯০১ সাল থেকে নিয়মিত নোবেল পুরস্কার দেওয়া হয়ে আসছে। তবে, দ্বিতীয় ও প্রথম বিশ্বযুদ্ধের সময় এ পুরস্কার দেওয়া বন্ধ ছিল। এছাড়া প্রতিবছরই চিকিৎসা, পদার্থ, রসায়ন, সাহিত্য, শান্তি ও অর্থনীতি- এ ছয়টি বিভাগে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে নোবেল পুরস্কার দেওয়া হয়।
এর আগে, সোমবার (৭ অক্টোবর) চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল পুরস্কারে ভূষিত হন দুই মার্কিন ও এক ব্রিটিশ বিজ্ঞানী। যুক্তরাষ্ট্রের উইলিয়াম কায়েলিন জেআর ও গ্রেগ এল. সিমেনজা এবং ব্রিটেনের স্যার পিটার জে. র্যাটক্লিফ।
আগামী সোমবার (১৪ অক্টোবর) দ্য রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস ঘোষণা করবে অর্থনীতিতে নোবেলজয়ীর নাম।
সৌরভ নূর/ বাংলা টিভি



