
বরগুনার রিফাত শরীফ হত্যা মামলার পলাতক আট আসামির মালামাল ক্রোক করার নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী এ আদেশ দেন।
এ মামলার প্রাপ্তবয়স্ক অভিযুক্তদের নিয়ে দাখিল করা অভিযোগপত্রের প্রধান অভিযুক্ত রাকিবুল হাসান রিফাত ফরাজী ও ৪ নম্বর অভিযুক্ত রেজওয়ান আলী খান ওরফে টিকটক হৃদয়ের জামিন আবেদন নামঞ্জুর করেন আদালত। একইসঙ্গে এ মামলার অপ্রাপ্তবয়স্ক তিন আসামির জামিন আবেদন শিশু আদালতে পাঠানো হয়েছে।
আদালত যেসব আসামির মালামাল ক্রোকের নির্দেশ দিয়েছেন তারা হলেন- প্রাপ্তবয়স্ক তিন নম্বর আসামি মোহাইমিনুল ইসলাম সিফাত, ছয় নম্বর আসামি মুসা, অপ্রাপ্তবয়স্ক দুই নম্বর আসামি রাকিবুল হাসান রিফাত হাওলাদার, তিন নম্বর আসামি আবু আব্দুল্লাহ রায়হান, ছয় নম্বর আসামি নাইম, নয় নম্বর আসামি রাকিবুল হাসান নিয়ামত, ১০ নম্বর আসামি সাইয়েদ মারুফ বিল্লাহ ওরফে মহিবুল্লাহ ও ১২ নম্বর আসামি প্রিন্স মোল্লা।



