
মাসুদ রানা : টাকার আদলে তৈরি টোকেন ব্যবহারকে দণ্ডনীয় অপরাধ বলে ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একইসঙ্গে খাবারের মূল্য, বিল হিসেবে টোকেন প্রস্তুত ও এর ব্যবহার থেকে বিরত থাকতে কড়া সতর্কতা জারি করা হয়েছে।
রোববার বাংলাদেশ ব্যাংক থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জনসাধারণকে সতর্ক করা হয়। সম্প্রতি রাজধানী ক্লাবগুলোতে ক্যাসিনো, জুয়া বা অনৈতিক কার্যক্রম চলার সময় বিভিন্ন ধরনের ‘টোকেন’ ও ‘কয়েন’ ব্যবহারের বিষয়টি উঠে আসার পর বাংলাদেশ ব্যাংক এ সর্তকতা জারি করে।
গত শুক্রবার থেকে ক্লাবগুলোতে অভিযান শুরু করেছে র্যাব ও পুলিশ। মতিঝিলে শুরু হওয়া এ অভিযান রাজধানী ছাড়িয়ে এরই মধ্যে দেশের অন্য শহরেও বিস্তৃত হয়েছে। বাংলাদেশ ব্যাংক থেকে দেশের বিভিন্ন গণমাধ্যমে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা
যাচ্ছে ঢাকা মহানগরীসহ দেশের বিভিন্ন জেলা ও বিভাগীয় শহরে ব্যক্তি মালিকানায় পরিচালিত কিছু হোটেল বা রেস্তোরাঁ ও শহরাঞ্চলের সন্নিকটে স্থাপিত বিভিন্ন বিনোদন পার্কে ব্যাংক নোটের আদলে বিভিন্ন মূল্যমানের খাবারের বিল, টোকেন, টিকিট ইত্যাদি ছাপিয়ে তা ব্যবহার করা হচ্ছে।
তবে এর ব্যবহার থেকে বিরত থাকতে বাংলাদেশ ব্যাংক থেকে কঠোর নির্দেশ দেয়া হয়েছে। একে আইনত দণ্ডনীয় অপরাধ বলে বিবেচ্য করা হবে।
বাংলাটিভি/ নূর



