
গত দশ বছরে জিডিপিতে মোট দেশজ উৎপাদন চলতি বাজার মূল্য বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে তিনি বিষয়টি অবহিত করেন। বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম।
বৈঠকে অর্থমন্ত্রী বলেন, ২০০৯ সাল থেকে শুরু করে ২০১৯ পর্যন্ত এই দশ বছরে বাংলাদেশের প্রবৃদ্ধি সারা বিশ্বে সবার উপরে। গত ২৯ আগস্ট ‘দ্য স্পেক্টেটর ইনডেক্স’ প্রকাশিত বিশ্বের ২৬টি শীর্ষ জিডিপি প্রবৃদ্ধি অর্জনকারী দেশের তথ্যের ভিত্তেতে এ বিষয়টি তুলে ধরা হয়। যেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি শতকরা ১৮৮ ভাগ এবং অন্যান্য দেশের মধ্যে চীন ১৭৭, ভারত ১১৭, ইন্দোনেশিয়া ৯০, মালয়েশিয়া ৭৮, অস্ট্রেলিয়া ৪১ এবং ব্রাজিল ১৭ ভাগ প্রবৃদ্ধি অর্জন করেছে।
অর্থমন্ত্রী পুরো জাতির পক্ষ থেকে এ অর্জনের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে চলমান অগ্রগতির ধারা অব্যাহত থাকলে খুব সহসাই বাংলাদেশ বিশ্ব অর্থনীতিতে আরো জোরাল দৃষ্টান্ত স্থাপন করবে।
বাংলাদেশের এ অগ্রগতি ধরে রাখার জন্য প্রধানমন্ত্রী সবাইকে বিশেষভাবে নির্দেশনা দিয়েছেন
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভা বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম আরো জানান, মন্ত্রিসভার বৈঠকে ‘সড়ক পরিবহন করপোরেশন আইনের নীতিমালা অনুমোদন দেয়া হয়েছে।
এ ছাড়া ‘স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন-ফিন্যান্সিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহের উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান আইন, ২০১৯’ এর অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
এতে দেশের ৬৮টি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে উদ্বৃত্ত টাকার পরিমাণ দুই লাখ ১২ হাজার ১০০ কোটি টাকা, এই অর্থ সরকারি কোষাগারে জমা দিতে হবে।
বাংলাটিভি/শহীদ



