
বাংলাদেশকে ১৪২ মিলিয়ন ইউরো বাংলাদেশী টাকায়১ হাজার ৩শ ৪৯ কোটি টাকা অনুদান দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ।জাতীয় সামাজিক নিরাপত্তা ও সরকারি আর্থিক ব্যবস্থাপনা- এই দুই খাতে ২০২৩-২৪ অর্থবছরের মধ্যে এ অনুদানের টাকা খরচ করা হবে।
বুধবার রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে এ সংক্রান্ত দুটি চুক্তি সই হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমেদ এবং ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সেজ তেরিংক চুক্তিতে স্বাক্ষর করেন ।
১৪২ মিনিয়ন ইউরোর মধ্যে ১০ মিলিয়ন ইউরো সরকারি আর্থিক ব্যবস্থাপনা সংস্কার কর্মসূচি অভ্যন্তরীণ রাজস্ব সংগ্রহ জোরদারকরণ ও অভ্যন্তরীণ জবাবদিহিতা শক্তিশালী করন। আর জাতীয় সামাজিক নিরাপত্তা কৌশল সংস্কার কর্মসূচি নারী ও শিশুদের প্রতি বিশেষ গুরুত্ব দিয়ে এ সংক্রান্ত নীতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে দেয়া হচ্ছে ১৩২ মিলিয়ন ইউরো।
এ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত রেন্সেজ তেরিংক বলেন, সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও সামাজিক সুরক্ষা খাত বাংলাদেশে ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতার মৌলিক ক্ষেত্রগুলোকে প্রতিনিধিত্ব করে। অষ্টম পঞ্চবার্ষিক পরিকল্পনা বাস্তবায়নে এ খাতগুলো অগ্রাধিকার হিসেবে বিবেচিত। ইইউর সহায়তা এ ক্ষেত্রে সিস্টেম শক্তিশালীকরণ ও নীতি উন্নয়নের মূল উপাদানগুলোকে মোকাবিলা করবে। এ সহায়তার মূল লক্ষ্য হবে অভ্যন্তরীণ সম্পদ আহরণ, অভ্যন্তরীণ জবাবদিহিতা জোরদারকরণ ও সামাজিক নিরাপত্তার উন্নয়ন।
সচিব মনোয়ার আহমেদ বলেন, বাংলাদেশ সরকার সব সময় সরকারি আর্থিক ব্যবস্থাপনা ও জাতীয় সামাজিক নিরাপত্তা খাতে ইইউর দীর্ঘমেয়াদি সমর্থনকে স্বীকার করে। আমরা উন্নয়ন সহযোগীদের সঙ্গে আমাদের অংশীদারিত্ব আরও শক্তিশালী করার মাধ্যমে ২০৩০ সালের মধ্যে এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনে অবদান রাখতে বদ্ধপরিকর।
বাংলাটিভি/শহীদ



