ঐক্যফ্রন্টের মধ্যে কোনো বিভক্তি নেই

জাতীয় ঐক্যফ্রন্ট ভাঙছে না দাবি করে জোটের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন জানান।
বৃহস্পতিবার রাজধানীর বেইলি রোডের নিজ বাড়িতে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে সাংবাদিকদের একথা বলেন তিনি।
এই বছরই আন্দোলন জোরদারের কথা ঘোষণা দিয়ে ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা বলেন জোটের মধ্যে কোনো বিভক্তি নেই বরং জোট সম্প্রসারণ করা হবে ।
এ সময় তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য জনগণের ঐক্য গড়ে তোলা, আর সকল দল যারা সমমনা, তাদেরকে সঙ্গে নেয়া। সেই কাজটা আমাদের অব্যাহত আছে এবং আরও জোরদার করা হবে। আমরা বিশ্বাস করি, এই ধরনের একটা স্বৈরতান্ত্রিক অবস্থা থেকে মুক্ত হতে হলে জনগণের ঐক্য প্রয়োজন এবং সচেতন রাজনৈতিক দলগুলো যারা আছে তাদের ঐক্য অপরিহার্য।
গত নির্বাচনের আগে গণফোরাম সভাপতি কামাল হোসেনের নেতৃত্বে গড়ে ওঠা ঐক্যফ্রন্টে বিএনপি, গণফোরাম, জাতীয় ঐক্য প্রক্রিয়া, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জেএসডি ও নাগরিক ঐক্য রয়েছে।
ঐক্যফ্রন্ট ভাঙছে কি না- জানতে চাইলে কামাল বলেন, ‘মোটেই না। আমরা আগামী ১২ তারিখে বসছি আবার। আমাদের কথা হলো, আমরা বসে পুরো কৌশলটা ঠিক করে মাঠে নেমে যাই, ঐক্য আরও সুসংহত করি।’
কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী ঐক্যফ্রন্ট ছেড়ে দেয়ার কথা বলেছেন।
ঐক্যফ্রন্টের নির্দলীয় সরকারের অধীনে নতুন নির্বাচনের দাবি সরকার না মানলে পরবর্তী কর্মকৌশল কী হবে- সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. কামাল বলেন, তারা কর্মকৌশল তৈরি করছেন। ঐক্য সংসুহত করে এই বছরেই আন্দোলন শুরুর করতে যাচ্ছেন।গণতান্ত্রিক যে ব্যবস্থা হওয়ার কথা, তা থেকে দেশের আজ মানুষ বঞ্চিত। সে জিনিসটাকে যত দ্রুত ফিরিয়ে আনা যায়, দেশের নিয়ন্ত্রণ জনগণের হাতে নিয়ে আসা যায়, এটাই আমাদের মূল্য লক্ষ্য।’
গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক রেজা কিবরিয়া-সহ অন্যান্য নেতারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
বাংলাটিভি/শহীদ



