রাজনীতি করার অধিকার নেই জামায়াতের: হানিফ

খোলস পাল্টে যেভাবেই আসুক, জামায়াতে ইসলামীর রাজনীতি করার আর কোন ভাবেই সুযোগ নেই বলেও জানিয়েছেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার সকালে শেরে বাংলা এ কে ফজলুল হকের ৫৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। পরে সাংবাদিকদের তিনি বলেন, জনগণের ভোটের প্রতি সম্মান দেখিয়ে হলেও বিএনপির মহাসচিবের সংসদে আসা উচিত।
তিনি বলেন, জামায়াত একাত্তর সালে যে মানবতাবিরোধী অপরাধ করেছিল, সেই অপরাধের কারণেই এই বাংলাদেশে তাদের রাজনীতি করার কোন নৈতিক অধিকার থাকতে পারে না। যে নামেই হোক, খোলস পাল্টিয়ে অন্য নাম দিয়েও যদি রাজনীতি করতে চায়, রাজনীতি করার সে অধিকার তাদের থাকতে পারে না।
তিনিও বলেন, বিএনপির মহাসচিব হিসেবে মির্জা ফখরুলের উচিৎ তার এলাকার জনগণ তাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে সেই ভোটারদের প্রতি দায়বদ্ধতা থেকে, তাদের প্রতি সম্মান দেখিয়ে সংসদে যোগদান করা ও শপথ নেয়া উচিৎ।
বাংলাটিভি/ফাতেমা/হাকিম



