দশ টাকার টিকিট কেটে চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী

একেবারেই সাধারণে মিশে যাওয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনেক গুণাবলীর অন্যতম। এই সত্য স্বীকার করতে বাধ্য তার বিরোধী রাজনৈতিকপক্ষও।
তারই আরেকটি নজির দেখা গেল শুক্রবার। আর দশটা সাধারণ রোগীর মতোই বঙ্গবন্ধুকন্যা এদিন রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে এলেন।
সাধারণ রোগীর মতোই দশ টাকার টিকিট কেটে আজ চিকিৎসা নিয়েছেন। শুক্রবার রাজধানীর শেরেবাংলা নগরের জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ১০ টাকা দিয়ে টিকিট কেটে চোখ দেখান শেখ হাসিনা। কোনো পূর্বপ্রস্তুতি ছাড়া প্রধানমন্ত্রীর এমন আগমনে হাসপাতালের অন্য রোগীরাও চমকে যান।
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব ইমরুল কায়েস রানা জানান, শুক্রবার সকালে প্রধানমন্ত্রী নিজে জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে গিয়ে ১০ টাকা মূল্যে আউটডরের টিকিট কেটে ডাক্তার দেখান।
পরে তিনি হাসপাতালের বর্তমান কর্মকাণ্ড সম্পর্কে খোঁজ-খবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।
এর আগেও প্রধানমন্ত্রী এখানেই চিকিৎসাসেবা নিয়েছেন। তারই ধারাবাহিকতায় চোখের ফলোআপ করালেন তিনি। পাঁচ টাকা মূল্যের নির্ধারিত টিকিট কেটে একাধিকবার গাজীপুরের কাশিমপুরে শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছিলেন তিনি।
ওই হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করাতে গিয়ে তিনি বলেছিলেন, ‘আমি যদি কখনও অসুস্থ হয়ে পড়ি, তাহলে আপনারা আমাকে বিদেশে নেবেন না। এয়ার অ্যাম্বুলেন্সে উঠাবেন না। আমি দেশের মাটিতেই চিকিৎসা নেব। এই হাসপাতালে চিকিৎসা নেব।
বাংলাটিভি/রাজ



