রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে বৈঠক ৩ মে

আগামী ৩ মে রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে জয়েন্ট ওয়াকিং গ্রুপের বৈঠক মিয়ানমারে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। আজ বৃহস্পতিবার সকালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, খুব শিগগিরই রোহিঙ্গা প্রত্যাবাসন সম্ভব নয়। এ বিষয়ে মিয়ানমার কোনো ধরণের সহযোগিতা করছে না বলেও জানান তিনি।
এ কে আব্দুল মোমেন জানান, আমরা যেখানেই যাচ্ছি, সেখানেই রোহিঙ্গা সমস্যাটা গুরুত্বদিয়ে তুলে ধরেছি। কিন্তু রোহিঙ্গা সমস্যাটাতে আমরা এখনও খুব বেশি অগ্রসর হতে পারিনি। এর প্রধান কারণ হচ্ছে মিয়ানমার। এই সমস্যা তারাই তৈরি করেছেন এবং তাদের সহযোগিতা ছাড়া এই সমস্যার সমাধানে খুব বেশি দূর এগুনো যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে মন্ত্রী জানান, তিন দিনের সরকারি সফরে আগামী রবিবার ব্রুনাই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে কৃষি ও জ্বালানিসহ সাতটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে। সফরে প্রধানমন্ত্রী ব্রুনাইয়ে ইস্তানা নূরুল ইমামে বায়তুল মেশ্যুরায় সুলতানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অংশ নেবেন। বৈঠক শেষে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে। ২৩শে এপ্রিল ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বাংলাটিভি/রাজ



