
ময়মনসিংহ সিটি করপোরেশনের নির্বাচনের জন্য আগামী সোমবার থেকে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু হবে। বুধবার আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আগ্রহী প্রার্থীদের আগামী ১, ২ ও ৩ এপ্রিল (সোম, মঙ্গল ও বুধবার) বেলা ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলীয় মনোনয়নের আবেদনপত্র সংগ্রহ এবং ৩ এপ্রিল (বুধবার) বিকেল ৫টার মধ্যে তা জমা দেয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্যদের নিয়ে বর্ধিত সভা হবে। সভায় মহানগর, থানা ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের যৌথ স্বাক্ষরে প্রার্থীদের যোগ্যতা, নেতৃত্বের গুণাবলি ও জনপ্রিয়তা ইত্যাদি বিষয় উল্লেখ করে কমপক্ষে তিনজনের একটি প্যানেলের সুপারিশ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আগামী ৩ এপ্রিল বিকেল ৫টার মধ্যে পাঠাতে হবে।
গত ২৫ মার্চ (সোমবার ) ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনের (মসিক) তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ মে এই সিটিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আগামী ৮ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই-বাচাই ১০ এপ্রিল। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন ১৭ এপ্রিল।
উল্লেখ্য, ময়মনসিংহ সিটি করপোরেশন দেশের ১২তম সিটি করপোরেশন। ২০১৮ সালের ২ এপ্রিল প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটি (নিকার) সভায় এই সিটি করপোরেশন অনুমোদন দেওয়া হয়। এরপর ২০১৮ সালের ১৪ অক্টোবর প্রজ্ঞাপন জারি করা হয়। ৩৩টি সাধারণ ও ৯টি সংরক্ষিত ওয়ার্ড নিয়ে এই সিটি করপোরেশন গঠিত হয়েছে। এই সিটি করপোরেশনের আয়তন ৯১ দশমিক ৩১ বর্গমিটার।
বাংলাটিভি/রাজ



