
বৃহস্পতিবার সকালে উত্তরার ৪ নম্বর সেক্টরে নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজে ভোট দেওয়া শেষে তিনি সাংবাদিকদের মাধ্যমে তিনি ভোটারদের প্রতি এ আহ্বান জানান।
আতিকুল ইসলাম বলেন, ‘ভোট কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া নিজেদের নাগরিক অধিকার । আপনারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে আগামীর সুন্দর ঢাকা গড়ে তুলতে সহযোগিতা করবেন, এটাই আমার বিশ্বাস। আমি শতভাগ আশাবাদী। জনগণ আমাকে তাদের সেবা করার সুযোগ দেবে আমি এটাই আশা করি।’
উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে ভোটগ্রহণের পাশাপাশি উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ১৮টি করে মোট ৩৬টি ওয়ার্ডে (সম্প্রসারিত) কাউন্সিলর পদে ভোট চলছে। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা বিরতিহীনভাবে চলবে বিকাল ৪টা পর্যন্ত।
এদিকে দেশের অন্যতম রাজনৈতিক দল বিএনপিসহ জাতীয় ঐক্যফ্রন্ট ও বাম গণতান্ত্রিক ফ্রণ্টসহ নিবন্ধিত বেশিরভাগ রাজনৈতিক দল মেয়র নির্বাচনে অংশ না নেওয়ায় ভোটের উত্তাপ তেমন ছড়ায়নি। সকাল থেকে কেন্দ্রে ভোটারদের তেমন উপস্থিতিও চোখে পড়েনি। তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে কেন্দ্রে ভোটার বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
আনিসুল হকের মৃত্যুর পর উত্তর সিটির মেয়র পদ শূন্য হয়ে পড়ে। এরই প্রেক্ষিতে অনুষ্ঠিত উপনির্বাচনে ঢাকা উত্তরের মেয়র পদে পাঁচ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন– আওয়ামী লীগের প্রার্থী মো. আতিকুল ইসলাম (নৌকা), জাতীয় পার্টির মোহাম্মদ শাফিন আহমেদ (লাঙ্গল), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) মো. আনিসুর রহমান দেওয়ান (আম), প্রগতিশীল গণতান্ত্রিক দলের (পিডিপি) শাহীন খান (বাঘ) এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আবদুর রহিম (টেবিল ঘড়ি)।
ঢাকা উত্তর সিটিতে যুক্ত হওয়া ১৮টি সাধারণ ওয়ার্ডে ১১৬ জন এবং সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ৪৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, ঢাকা দক্ষিণ সিটির ১৮টি সাধারণ ওয়ার্ডে ১২৫ জন ও সংরক্ষিত ছয়টি ওয়ার্ডে ২৪ জন প্রার্থী রয়েছেন।
এদিকে নির্বাচিত মেয়র এক বছরের কিছু বেশি সময় দায়িত্ব পালনের সুযোগ পাবেন। কাউন্সিলর পদে সাধারণ নির্বাচন হলেও তাদের মেয়াদও হবে মেয়র পদের সমান।
সিটি নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশন (ইসি) সার্বিক প্রস্তুতি সম্পন্ন করে। বুধবার (২৭ ফেব্রুয়ারি) বিকালে কর্মকর্তারা নির্বাচনি সামগ্রী কেন্দ্রে নিয়ে যায়। মেয়র পদের ব্যালট পেপার রাতেই পাঠানো হলেও সিল মারার শঙ্কায় ৩৬টি ওয়ার্ড কাউন্সিলর পদের ব্যালট পেপার ভোরে কেন্দ্রগুলোতে পাঠানো হয়
বাংলাটিভি/প্রিন্স



